রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জনগণকে ভয় দেখানো যাবে না, সরকারকে ব্যারিস্টার ফুয়াদ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ০৯:৫০ পিএম

জনগণকে ভয় দেখানো যাবে না, সরকারকে ব্যারিস্টার ফুয়াদ

আওয়ামী লীগকে পুনর্বাসনের যেকোনো চেষ্টা সরকারের জন্য ক্ষতিকর হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, দেশের মানুষকে ভয় দেখিয়ে বা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে কোনো লাভ হবে না। শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে আয়োজিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।ব্যারিস্টার ফুয়াদ বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশে ফিরলে তাকে আইনের মুখোমুখি হতেই হবে। বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দেশের মানুষকে ভয় দেখানো বা রাজনৈতিক অস্থিরতা তৈরি করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো উদ্যোগ জনগণ মেনে নেবে না। 

দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।এদিকে, সমাবেশ উপলক্ষে দুপুরের পর থেকেই বরিশাল নগর ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দুপুর ২টার মধ্যেই হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দান জনসমুদ্রে রূপ নেয়। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক আশপাশের সড়কেও অবস্থান নেন। সমাবেশে জোটভুক্ত বিভিন্ন দলের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।