জুলাই ১৯, ২০২৬, ০৪:২৬ পিএম
ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও তরুণ প্রজন্ম যে লক্ষ্য নিয়ে চব্বিশের আন্দোলন করেছিল তা এখনো পূরণ হয়নি। অতীতের প্রতিটি অভ্যুত্থান ও সংগ্রামের পরেই দেশ এমন শক্তির হাতে গিয়েছে, যাদের কাছে ইসলাম, দেশ ও মানবতা নিরাপদ নয় বলে মন্তব্য করেন তিনি।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘স্বৈরাচার প্রতিরোধ দিবসে চেতনায় জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, শেয়ালের কাছে মুরগি বর্গা দেয়ার মতো ভুল বারবার করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে আসে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে ইসলামকে ক্ষমতায় নিতে কাজ করতে হবে। ইসলামী শরীয়াহ-র শাসনই প্রকৃত আদর্শ শাসন বলে দাবি করেন তিনি।
চরমোনাই পীর স্মৃতিচারণ করে বলেন, চব্বিশের উত্তাল দিনগুলোতে রাজনৈতিক অস্তিত্ব হুমকির মুখে থাকা সত্ত্বেও তারা রাজপথে ছিলেন। সেই সময়ে বাইতুল মোকাররমে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সমাবেশ ও মিছিলে তাদের ওপর গুলি চালানো হয়েছিল। তিনি বলেন, ফ্যাসিবাদের পতন হবে এই বিশ্বাস নিয়েই তারা রাজপথে লড়াই করেছেন এবং শেষ পর্যন্ত ফ্যাসিবাদের পতন হয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন ও সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমানসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থান প্রমাণ করে গেছে যে তরুণদের মতামত উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। ক্ষমতার মসনদ স্থায়ী নয় উল্লেখ করে তিনি অবিলম্বে জুলাই সনদ কার্যকর এবং জুলাই জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন