রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাষ্ট্রপতির পদত্যাগপত্র নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৪, ২০২৬, ০৬:১৬ পিএম

রাষ্ট্রপতির পদত্যাগপত্র নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

ছবি - সংগৃহীত

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর এবার তার পদত্যাগপত্রের ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।তিনি এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে রহস্যের ইঙ্গিত দিয়েছেন।

শুক্রবার বিকেল পাঁচটা একুশ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন এই জ্যেষ্ঠ আইনজীবী। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, স্বাস্থ্যগত কারণে পদত্যাগের কথা বলা হলেও চিঠিতে অতিরিক্ত অনেক কথা লেখা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন যে রাষ্ট্রপতি নিজেই ওই পদত্যাগপত্র লিখেছেন কি না কিংবা তাকে দিয়ে অন্য কেউ তা লেখানো হয়েছে কি না।

পোস্টে আরও বলা হয়, সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কী করেছেন সে বিষয়ে সেখানে উল্লেখ করা হয়েছে। এছাড়া তার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক সংকট তৈরি হয়নি—এই বক্তব্যের সঙ্গে স্বাস্থ্যগত কারণে পদত্যাগের কী সম্পর্ক, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আইনজীবীর এমন মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে রাষ্ট্রপতি কার্যালয় বা সংশ্লিষ্ট কোনো সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।