জুলাই ৩১, ২০২৬, ০৫:৫৬ পিএম
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হলে দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত এক বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
আইনমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক বক্তব্য ঝিনাইদহের মানুষ মেনে নেবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।আইনমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য বরদাশত করা হবে না বলে জানান রাশেদ খাঁন।রাশেদ খাঁন বলেন, ঝিনাইদহ জেলার সার্বিক উন্নয়নের দায়িত্ব নিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি শুধু নিজের নির্বাচনি এলাকার উন্নয়নেই নয়, জেলার প্রতিটি উপজেলার সমান উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত সহনশীল ও বিনয়ী একজন নেতা উল্লেখ করে তিনি জানান, বিরোধী দলগুলোর উচিত সেই রাজনৈতিক আচরণ থেকে শিক্ষা নেওয়া।সম্প্রতি এনসিপির জেলা সফর প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন জেলায় সফরকালে এনসিপির নেতারা আইনমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিচ্ছেন, যা স্থানীয় মানুষ মেনে নেবে না।
বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করে তিনি আহ্বান জানান, নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে কর্মসূচি দিলে বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। বৃক্ষমেলার এই উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন