রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গণভোটের গণরায় না মানলে সরকার টিকবে না: মাওলানা আবদুল হালিম

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩১, ২০২৬, ১০:৪৪ পিএম

গণভোটের গণরায় না মানলে সরকার টিকবে না: মাওলানা আবদুল হালিম

জাতীয় নির্বাচনে দেশের মানুষ জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারের পক্ষে ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে গণভোটের গণরায় না মানলে বর্তমান সরকারও টিকে থাকতে পারবে না। শুক্রবার রংপুরে একটি মিলনায়তনে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে আয়োজিত দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

সংবিধান সংস্কার কমিশন গঠন করে অবিলম্বে এই গণরায় মেনে নেওয়ার দাবি জানান তিনি।রংপুর মহানগর জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজউদ্দিন এবং অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি। মাওলানা আবদুল হালিম তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী সমাজের ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

কোরআন-সুন্নাহর বিধান সমাজে প্রতিষ্ঠা এবং নৈতিকতা অর্জনের মাধ্যমে শ্রেষ্ঠ চরিত্রের নমুনা প্রদর্শনের জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।বিগত সরকারের আমলে জামায়াতের ওপর চালানো বিভিন্ন নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, শত নিপীড়নের পরও তাদের রাজনৈতিক অবস্থান অক্ষুণ্ণ রয়েছে।

বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি জানান, সরকারের গঠনমূলক কাজে সহযোগিতা করা হবে এবং জনস্বার্থবিরোধী কোনো পদক্ষেপ দেখা গেলে সংসদে ও রাজপথে তার কঠোর সমালোচনা করা হবে।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।