বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

রাষ্ট্রপতি পদে ভোট দিয়ে ফেসবুক পোস্টে যা লিখলেন আরমান

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২০, ২০২৬, ০৪:৪০ পিএম

রাষ্ট্রপতি পদে ভোট দিয়ে ফেসবুক পোস্টে যা লিখলেন আরমান

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ছবিসহ পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। তিনি এই নির্বাচনকে দেশের ইতিহাসের একটি বিরল মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে।দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। মোট ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান। তবে শারীরিক অসুস্থতার কারণে বিএনপির এক সংসদ সদস্য ভোট দিতে উপস্থিত হতে পারেননি।

ফেসবুক পোস্টে ব্যারিস্টার আরমান জানান, দীর্ঘ সাড়ে তিন দশক পর দেশে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে, যার সাক্ষী হতে যাচ্ছে পুরো জাতি। এর আগে বেলা দুইটায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ শুরু হয়। শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ শীর্ষস্থানীয় নেতারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায় এই নির্বাচনের ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে নানা সমীকরণ আলোচিত হয়েছে। ভোট গ্রহণ শেষে সংসদকক্ষেই ব্যালট গণনা করা হয় এবং নির্বাচনী কর্তা ফলাফল ঘোষণা করেন।