আগস্ট ২২, ২০২৬, ০৬:২৮ পিএম
ব্যক্তিগত জীবন, পরিবার, পেশা এবং সাংগঠনিক দায়িত্বের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। শনিবার ঢাকা জেলা আয়োজিত দুই দিনব্যাপী শিক্ষাশিবিরের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, আল্লাহর দেওয়া প্রতিটি দায়িত্ব যথাযথভাবে পালন করাই একজন মুমিনের কর্তব্য এবং কোনো একটি দায়িত্বের খাতিরে অন্যটিকে অবহেলা করা কাম্য নয়।দায়িত্বশীলদের জন্য সময় ব্যবস্থাপনা ও অগ্রাধিকার নির্ধারণ অত্যন্ত জরুরি।সাইফুল আলম খান মিলন বলেন, ব্যক্তিগত ইবাদত ও আত্মশুদ্ধির পাশাপাশি পরিবারের সদস্যদের অধিকার আদায়ে সচেতন থাকতে হবে।
পেশাগত ক্ষেত্রেও সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করা একটি আমানত। সাংগঠনিক কাজের অজুহাতে পারিবারিক বা পেশাগত দায়িত্ব এড়ানো যাবে না। প্রতিটি ক্ষেত্রকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সুস্পষ্ট পরিকল্পনা ও কর্মবণ্টনের মাধ্যমে ভারসাম্য রক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, শুধু সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধিই লক্ষ্য নয়, বরং চারিত্রিক গুণাবলি ও মানুষের কল্যাণের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে যুব বিভাগের সেক্রেটারি মঞ্জরুল ইসলাম ভূঁইয়া পরিকল্পনা, কর্মবণ্টন ও তদারকির ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন ভারসাম্যপূর্ণ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সমাপনী বক্তব্য দেন। জেলা ও থানার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দায়িত্বশীল এ শিবিরে অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন