বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আগামী বুধবার দেশে ফিরছেন বিএনপি নেতা মির্জা আব্বাস

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩০, ২০২৬, ০৪:২৬ পিএম

আগামী বুধবার দেশে ফিরছেন বিএনপি নেতা মির্জা আব্বাস

ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে বিদেশে চিকিৎসাধীন থাকার পর আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ওই দিন রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসকদের পরামর্শ ও সুস্থতার ভিত্তিতে তিনি দেশের উদ্দেশে রওনা হচ্ছেন। দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নিচ্ছেন মির্জা আব্বাস। গত মার্চ মাসে রমজান মাসের শুরুতে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। 

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে প্রথমে সিঙ্গাপুর এবং পরে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। অসুস্থতার সময় বিদেশে চিকিৎসাধীন থাকলেও গত আগস্ট মাসের শুরুতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। তাঁর দেশে ফেরার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উৎসাহ দেখা দিয়েছে।