আগস্ট ৩১, ২০২৬, ০৯:৩৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদ পাওয়ার সুখবর জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী ও বিএনপি নেতা রাশেদ খান। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই তথ্য প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনবার আলহামদুলিল্লাহ লিখে তিনি এই আনন্দ প্রকাশ করেন।
ফেসবুক স্ট্যাটাসে ডাকসু জিএস পদ পাওয়ার দাবি রাশেদ খানের। স্ট্যাটাসে রাশেদ খান দাবি করেন, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি অবৈধ প্রমাণ করেছে। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের শোকজ নোটিশের সন্তোষজনক জবাব দিতে না পারায় একাডেমিক কাউন্সিলের সভায় তার ছাত্রত্ব আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়।
তার দাবি অনুযায়ী, গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিলের ফলে তার ডাকসুর পদও বাতিল হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের ডাকসু নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এই সিদ্ধান্তের পরই তিনি আনুষ্ঠানিকভাবে এই সুখবর সবার সঙ্গে ভাগ করে নেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা রাশেদ খান দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন। বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে তার অনুসারী ও নেতাকর্মীদের মাঝে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন