সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৩:৪১ পিএম
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিক বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর পৌনে একটায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকি উপস্থিত ছিলেন।

সাক্ষাতে নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হয়। আলোচনার শুরুতে হিমালয়কন্যা নেপালে সম্প্রতি সংঘটিত ভয়াবহ ভূমিধস ও পাহাড়ধসের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। এ সময় তিনি সেদেশের সর্বশেষ ক্ষয়ক্ষতি ও পরিস্থিতির খোঁজখবর নেন। বিপদের শুরু থেকেই বাংলাদেশের পক্ষ থেকে সহানুভূতি ও শোকবার্তা পাঠানোয় বিরোধীদলীয় নেতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন নেপালের রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী নেপালে চলমান উদ্ধার তৎপরতা, সাধারণ মানুষের মানবিক দুর্ভোগ এবং দুর্যোগে সৃষ্ট অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বিস্তারিতভাবে তুলে ধরেন। এর জবাবে বাংলাদেশ ও নেপালের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সংকটের এই সময়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নেপালের জনগণের পাশে সর্বতোভাবে থাকার দৃঢ় আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এই বৈঠকে আলোচনা হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন