সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৪:৫৯ পিএম
জ্বালানি সংকট, বিদ্যুৎ ও পানির তীব্র সংকট, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং শরিয়াবিরোধী আইন বাস্তবায়নের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) নগরীর প্রধান সড়কে এই কর্মসূচি পালিত হয়।
জুমার নামাজের পর দলটির সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ সমর্থকেরা সমবেত হয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। নাগরিক দুর্ভোগ লাঘবে রাজপথে নামে দলটি। মিছিল-পরবর্তী সমাবেশে দলীয় নেতারা বলেন, সাধারণ মানুষ একদিকে তীব্র লোডশেডিং এবং পানি ও গ্যাসের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন, অন্যদিকে বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক দামে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
একই সাথে ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে গিয়ে শরিয়াবিরোধী কোনো সিদ্ধান্ত বা আইন বাস্তবায়ন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভকারীরা অবিলম্বে গ্যাস, বিদ্যুৎ ও পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন