সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৭:০৩ পিএম
নারী অধিকার ও মর্যাদার প্রশ্নকে সামনে রেখে গড়ে ওঠা নারীবাদ মূলত রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মহিলা ও পরিবার বিষয়ক উপকমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ কথা বলেন। তার মতে, বাংলাদেশে নারীবাদের নামে বহু সংগঠন ও সভা-সমিতি তৈরি হলেও নারীর নিরাপত্তা, অধিকার এবং সম্মানের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
নারীর প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠায় দলটির নারী উইং এখন থেকে আরও সক্রিয়ভাবে কাজ করবে। মহাসচিব বলেন, নারীবাদ যতটা না নারীর প্রকৃত স্বার্থ রক্ষায় কাজ করেছে, তার চেয়ে বেশি এটি একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। এই অবস্থার পরিবর্তন ঘটিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীদের প্রকৃত অধিকার ও মর্যাদা রক্ষায় সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে চায়। এ লক্ষ্যেই চলতি সেশনে দলের নারী শাখাকে আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর জোর দেওয়া হচ্ছে।
বৈঠকে দেশব্যাপী নারী সদস্যদের সক্রিয় করা, ছাত্রী উইংয়ের আনুষ্ঠানিক ঘোষণা এবং কর্মক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলটির যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম এবং মাওলানা শেখ ফজলুল করীম মারুফসহ কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া সভায় দলের ছাত্রী ও মহিলা ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দও অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন