বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ডাকসুর অনার বোর্ডে রব্বানী নেই: ঠাঁই পাননি রাশেদ খাঁনও

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১১:৫৪ পিএম

ডাকসুর অনার বোর্ডে রব্বানী নেই: ঠাঁই পাননি রাশেদ খাঁনও

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গৌরবময় কর্মকাণ্ডের স্মৃতি রক্ষায় নবনির্মিত ডাকসু সংগ্রহশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় এই সংগ্রহশালার উদ্বোধন করেন বর্তমান ডাকসুর সহ-সভাপতি সাদিক কায়েম। তবে সংস্কারের পর স্থাপন করা নতুন অনার বোর্ডে ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাধারণ সম্পাদকের নাম রাখা নিয়ে দেখা দিয়েছে নতুন বিতর্ক।

নতুন অনার বোর্ডে নেই আলোচিত দুই ছাত্রনেতার নাম। সংগ্রহশালায় স্থাপিত নতুন অনার বোর্ডে ১৯২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শুরু করে বর্তমান ২০২৫-২৬ শিক্ষাবর্ষ পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকদের তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু এই তালিকায় স্থান পাননি ২০১৯ সালের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষিত ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সাম্প্রতিক ঘোষণায় সাধারণ সম্পাদক হিসেবে স্বীকৃতি পাওয়া মো. রাশেদ খাঁনের নামও বোর্ডে যুক্ত করা হয়নি।

সংস্কার কাজের সার্বিক তত্ত্বাবধানে থাকা ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা দিনাজপুর টিভি ডট কম-কে জানান, পূর্ববর্তী সব নেতার নামই বোর্ডে স্থান পেয়েছে এবং নির্দিষ্ট কোনো ব্যক্তির প্রতি তাদের আপত্তি নেই। বিষয়টি বর্তমানে আইনি ও প্রাতিষ্ঠানিক দিক থেকে অমীমাংসিত থাকায় সাময়িকভাবে ফাঁকা রাখা হয়েছে। এই জটিলতার চূড়ান্ত সুরাহা হলে নিয়মানুযায়ী নাম সংযোজন করা হবে।

এর আগে ছাত্রত্ব বাতিলের পরিপ্রেক্ষিতে গত ৩১ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গোলাম রব্বানীর ডাকসু পদ বাতিলের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া ছাত্র অধিকার পরিষদের তৎকালীন প্রার্থী মো. রাশেদ খাঁনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেছিল সিন্ডিকেট প্রশাসন।