মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

বাসে চড়ে নেটিজেনদের প্রশংসা কুড়ালেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২, ২০২৫, ০৪:৪৭ পিএম

বাসে চড়ে নেটিজেনদের প্রশংসা কুড়ালেন তারেক রহমান

ছবি- সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তির পর একই বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান। সম্প্রতি ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন করে নানা গুঞ্জন তৈরি হয়েছে। তবে তিনি কবে নাগাদ দেশে ফিরবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে পরিচিত তারেক রহমান লন্ডনে অনেকটাই সাদামাটা জীবনযাপন করছেন। সেখানে তার কোনো গাড়িবহর নেই, এমনকি তিনি নিয়মিত পাবলিক বাসে চলাচল করেন বলে জানা গেছে।

সম্প্রতি তারেক রহমানের বাসে চড়ার কয়েকটি স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে, যা নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

গত শুক্রবার (১ আগস্ট) গভীর রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তারেক রহমানের বাসে চড়ার এই ছবিগুলো প্রকাশ করা হয়। ওইসব ছবিতে দেখা যায়, বিএনপির এই শীর্ষ নেতা বাসের জন্য অপেক্ষা করছেন এবং ছাউনিতে অপেক্ষারত অবস্থায় মোবাইল দেখছেন। বাস আসার পরই তিনি স্বাভাবিকভাবে বাসে ওঠেন।

ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, "সাধারণ জীবনযাপনে অভ্যস্ত তারেক রহমান। যুক্তরাজ্যে বসবাসকালীন কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করেন সাধারণ মানুষের মতোই।"

ইতোমধ্যে ওই পোস্টে ৬৫ হাজারেরও বেশি রিয়্যাক্ট পড়েছে। প্রায় ৯ হাজার মন্তব্য (কমেন্ট) জমা পড়েছে এবং পোস্টটি সাড়ে চার হাজারেরও বেশি বার শেয়ার হয়েছে। তারেক রহমানের এই সাধারণ জীবনযাপন এবং গণপরিবহন ব্যবহারের বিষয়টি নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, সাধারণ মানুষ তাকে এই কাজের জন্য সাধুবাদ জানিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ছবিগুলো তারেক রহমানের ভাবমূর্তিকে আরও ইতিবাচকভাবে তুলে ধরতে সাহায্য করবে এবং তার দেশে ফেরা নিয়ে যে জল্পনা চলছে, তাতে নতুন মাত্রা যোগ করবে। তবে তারেক রহমান কবে দেশে ফিরবেন এবং তার ফেরা দেশের রাজনীতিতে কী প্রভাব ফেলবে, তা এখনো স্পষ্ট নয়।