বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জামায়াতের সঙ্গে জোটে আগ্রহী নয় মামুনুল হকের দল

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৩, ২০২৫, ০৬:১৭ পিএম

জামায়াতের সঙ্গে জোটে আগ্রহী নয় মামুনুল হকের দল

ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ইসলামি দলগুলোর মধ্যে জোট গঠনের আলোচনা শুরু হলেও, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করতে আগ্রহী নয় বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, জামায়াতের আদর্শ ও চিন্তাধারার সঙ্গে তাদের দলের বিরাট পার্থক্য রয়েছে, যা এই ঐক্যের পথে প্রধান বাধা।

সম্প্রতি যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে মামুনুল হক বলেন, "ঐক্য প্রক্রিয়ার সঙ্গে প্রথম থেকে থাকলেও জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাচ্ছে না তার দল।" তিনি আরও বলেন, “নির্বাচনী সমঝোতার বিষয়ে আমরা এখনো তেমন কিছু ভাবছি না। ইসলামী আন্দোলনের সঙ্গে সমঝোতার বিষয়ে আমাদের একাধিক বৈঠক হয়েছে, তবে জামায়াতের সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা আমরা করিনি।” তিনি মাওলানা মওদুদী সাহেবের চিন্তাধারার সঙ্গে ঐতিহ্যগতভাবে তাদের চিন্তাধারার পার্থক্যের কথা উল্লেখ করেন।

জামায়াতে ইসলামী অবশ্য একটি বৃহত্তর জোট গঠনের বিষয়ে আশাবাদী। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, তারা সব ইসলামি দলকে নিয়ে একটি বৃহৎ জোট গঠনের জন্য কাজ করছেন এবং এ বিষয়ে আলেম-ওলামাদের ব্যাপক সাড়া পাচ্ছেন। তবে অন্যান্য ইসলামি দলের নেতারাও জামায়াতের সঙ্গে জোটের ব্যাপারে প্রকাশ্যে কিছু না বললেও তাদের মধ্যকার আদর্শিক পার্থক্যের কথা বলছেন।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী বলেন, মাঠপর্যায়ে জামায়াতের ব্যাপারে আলেমদের নেতিবাচক ধারণা রয়েছে এবং তারা আলেমদের মতামতের বাইরে যাবেন না।