সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৯:৪৬ এএম
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে কঠোর মন্তব্য করেন।
আখতারের ওপর হামলা নিয়ে হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে লেখেন, “হাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি।
আর এসব উচ্ছিষ্ট, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আখতারকে দমন করতে পারবে?” তিনি আরও বলেন, যেসকল ব্যক্তিরা আওয়ামী লীগকে সমর্থন করে টকশো বা কলামে ‘সম্মতি’
তৈরি করে, তাদেরকেও প্রত্যাখ্যান করা উচিত। অন্যথায়, এমন আক্রমণের শিকার হওয়ার জন্য তাদেরও প্রস্তুত থাকতে হবে বলে তিনি সতর্ক করেন।
হাসনাত আব্দুল্লাহ তার এই পোস্টের সঙ্গে আখতারকে নিয়ে করা নিজের একটি পুরোনো স্ট্যাটাসও শেয়ার করেন। সেখানে তিনি আখতারকে ‘যেকোনো বিতর্কের ঊর্ধ্বে থেকে,
ডাকসু ইতিহাসে সর্বজন-সমাদৃত ও সফল নেতা’ হিসেবে উল্লেখ করেন। তিনি আখতারকে কোরবানির গরুর মতো রশি বেঁধে আদালতে নেওয়ার ছবি নিয়েও আবেগপূর্ণ মন্তব্য করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন