রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়ে কী বলল জামায়াত?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৫, ০৯:০৯ পিএম

শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়ে কী বলল জামায়াত?

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষকরা হলেন শিক্ষার মেরুদণ্ড। সেই মেরুদণ্ডই যদি ঠিক না থাকে, তাহলে দেশের শিক্ষার বেহাল দশা হবেই। তাই শিক্ষকদের ন্যায্য দাবিগুলো অবিলম্বে মেনে নিন।”মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ‘আদর্শ শিক্ষক ফেডারেশন’ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেন, “বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও বোনাস শিক্ষকদের মৌলিক ও ন্যায্য দাবি। সরকার একটু আন্তরিক হলেই এর সমাধান সম্ভব।”তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা সরকারি উচ্চ মহলে এ বিষয়ে কথা বলেছি। আশা করি, তারা দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবেন। কিন্তু এ নিয়ে যদি কোনো টালবাহানা করা হয়, তাহলে আমরা যেকোনো ধরনের কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

সভায় ফেডারেশনের নেতারা বলেন, তারা আপাতত (শিক্ষকদের) দাবির সঙ্গে সংহতি জানিয়ে মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া এবং ১৫০০ টাকা চিকিৎসা ভাতার প্রজ্ঞাপন জারির দাবি জানাচ্ছেন।উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষকরা তাদের দাবি আদায়ে গত রোববার থেকে ঢাকার রাজপথে লাগাতার অবস্থান কর্মসূচি এবং সোমবার থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন।