রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

খতমে নবুওয়ত সম্মেলন সফল করার আহ্বান চরমোনাই পীরের

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৫, ০৯:২৫ পিএম

খতমে নবুওয়ত সম্মেলন সফল করার আহ্বান চরমোনাই পীরের

ছবি - সংগৃহীত

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। আগামী ১৫ নভেম্বর (শনিবার) এই মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের একটি প্রতিনিধিদল চরমোনাইয়ের পীরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই সমর্থনের কথা জানান এবং আয়োজনের সফলতা কামনা করেন।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশের সদস্য সচিব আল্লামা মহিউদ্দীন রব্বানীর নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল এই মহাসম্মেলনের আনুষ্ঠানিক দাওয়াত নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন। তারা সেখানে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা রশিদ আহমদ, যুগ্ম আহ্বায়ক মুফতি মোহাম্মদ আলী এবং সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সমন্বয়ক মুফতি শুয়াইব ইবরাহীম।

এই বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ এবং কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি কিফায়েতুল্লাহ কাশফী।

বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের সংখ্যালঘু অমুসলিম ঘোষণার দাবিতেই সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশের উদ্যোগে এই মহাসম্মেলন আহবান করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এটি একটি আন্তর্জাতিক সম্মেলন হতে যাচ্ছে। উক্ত মহাসম্মেলনে যোগদানের জন্য বিশ্বের খ্যাতিমান ইসলামিক স্কলার ও ওলামায়ে কেরাম দাওয়াত গ্রহণ করেছেন। সৌদি আরব, মিশর, পাকিস্তান, ভারতসহ আরও বিভিন্ন দেশের একাধিক বিশ্ববরেণ্য ওলামায়ে কেরাম এই সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।