রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াতকে ভোট দিন‍‍`: অধ্যাপক মুজিব

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৫, ০৬:১৩ পিএম

কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াতকে ভোট দিন‍‍`: অধ্যাপক মুজিব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, রাসূল (সা.) প্রতিষ্ঠিত মদীনা রাষ্ট্রের আদলে দেশকে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ এবং ন্যায় ও ইনসাফের কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে। তিনি ঢাকা-১৫ আসনে দলের আমির ডা. শফিকুর রহমানসহ সারা দেশে জামায়াত প্রার্থীদের বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১৩-এর শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাফরুল উত্তর থানা জামায়াত আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এই মেডিকেল ক্যাম্পটি ঢাকা-১৫ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দলের আমির ডা. শফিকুর রহমানের সমর্থনে আয়োজন করা হয়।

থানা আমির রেজাউল করিম মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারি আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ক্যাম্পে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ঢাকা-১৫ আসনে সংগঠন সর্বোচ্চ ব্যক্তিকে (ডা. শফিকুর রহমান) মনোনয়ন দিয়েছে। তিনি দাবি করেন, আমীরে জামায়াত শুধু দেশেই নন, বরং আন্তর্জাতিকভাবেও একজন বরেণ্য ব্যক্তি। তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে জনগণ তার কাছ থেকে যোগ্যতর খেদমত পাবেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে তার যোগ্যতর নেতৃত্বে দেশে কুরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। সেই রাষ্ট্রে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের অধিকারের নিশ্চয়তা থাকবে এবং দেশ ক্ষুধা ও দারিদ্রমুক্ত হবে। তিনি সেই স্বপ্নের রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে 'দাঁড়িপাল্লা' প্রতীকের প্রতি গণজোয়ার সৃষ্টি করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সাবেক এই সংসদ সদস্য নির্বাচনের পরিবেশ নিয়েও কথা বলেন। তিনি বলেন, সবার আগে দেশে একটি সুষ্ঠু নির্বাচনি পরিবেশ সৃষ্টি করতে হবে, যার জন্য প্রয়োজন সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড। তিনি ভোটচুরি, কেন্দ্র দখল এবং নির্বাচনে অবৈধ অর্থের ব্যবহারের মতো অতীত অপসংস্কৃতি থেকে বেড়িয়ে আসার আহ্বান জানান। এই লক্ষ্য অর্জনে অধ্যাপক মুজিব প্রচলিত নির্বাচন পদ্ধতির পরিবর্তে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানান এবং এই দাবি আদায়ে সকলকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ডা. কর্নেল জিহাদ খান। এছাড়া ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শহীদুল্লাহ সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।