ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১০:৫২ পিএম
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধাবস্থার প্রেক্ষিতে কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসগুলো পৃথক পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করে এবং প্রবাসীদের জরুরি সহায়তায় বিশেষ হটলাইন নম্বর চালু করেছে।
মূলত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা ও পাল্টাপাল্টি উত্তেজনার কারণে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়েছে।
কাতারের দোহার বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসীদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রবাসীদের সব ধরনের সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য দূতাবাস থেকে প্রবাসীদের নগদ টাকা, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার এবং শুকনো খাবার সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার জন্যও বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া কাতারের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধের কোনো ছবি বা ভিডিও আপলোড করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
একই ধরনের সতর্কবার্তা প্রদান করেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইরাকের বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের খোলা আকাশের নিচে অবস্থান না করতে এবং বড় কোনো জনসমাবেশে যোগ না দিতে নিরুৎসাহিত করা হয়েছে। জরুরি প্রয়োজনে প্রবাসীরা যেন দ্রুত দূতাবাসের সাথে যোগাযোগ করতে পারেন সেজন্য ২৪ ঘণ্টা সচল হটলাইন চালু করা হয়েছে। কাতারের জন্য +৯৭৪৩৩৬৬২০০০, বাহরাইনের জন্য +৯৭৩৩৩৩৭৫১৫৫, সংযুক্ত আরব আমিরাতের জন্য +৯৭১২৪৪৬৫১০০ এবং ইরাকের জন্য +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া প্রবাসীদের স্ব স্ব দেশের দূতাবাসের ইমেইল ঠিকানায় যোগাযোগ করার সুযোগ রাখা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট বর্তমানে স্থগিত রাখা হয়েছে এবং প্রবাসীদের শান্ত থেকে পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন