শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

বাংলাদেশি কর্মীদের বড় সুখবর দিল দ. কোরিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৯, ২০২৬, ০৯:৫২ পিএম

বাংলাদেশি কর্মীদের বড় সুখবর দিল দ. কোরিয়া

ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় বসবাসরত হাজার হাজার বাংলাদেশি কর্মীর জন্য ভাষা পরীক্ষার প্রাথমিক শর্ত ছাড়াই দক্ষ কর্মী বা ই-৭-৪ ভিসা পাওয়ার দুর্দান্ত সুযোগ তৈরি হয়েছে। কোরিয়া সরকারের মানবসম্পদ উন্নয়ন সংস্থার (এইচআরডি) প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী প্রবাসী কর্মীদের এই বিশেষ সুবিধার কথা জানানো হয়েছে, যা সিউলের বাংলাদেশ দূতাবাস বিশেষভাবে প্রচার করেছে।চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোরিয়ান ভাষার পরীক্ষা ছাড়াই ই-৭-৪ ভিসার আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, এই আবেদন প্রক্রিয়ার জন্য ‘কে-পয়েন্ট ই-৭-৪’ স্কোরিং সিস্টেমে ৩০০ নম্বরের মধ্যে অন্তত ১৫০ পয়েন্ট অর্জন করতে হবে। তবে পরবর্তীতে ভিসা নবায়ন কিংবা পরিবারকে কোরিয়ায় নিয়ে যাওয়ার জন্য ভাষার সনদ বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী বিগত ১০ বছরে দেশটিতে অন্তত ৪ বছর কাজ করার অভিজ্ঞতা এবং নির্দিষ্ট মেয়াদে চাকরির চুক্তিপত্র থাকার শর্ত রাখা হয়েছে।

অদক্ষ ই-৯ ভিসায় দীর্ঘমেয়াদে থাকার সুযোগ সীমিত থাকলেও, এই ই-৭-৪ ভিসার মাধ্যমে প্রবাসীরা দেশটিতে দীর্ঘকাল বসবাসের আইনি সুযোগ পাবেন। সাধারণ নিয়মে এই ক্যাটাগরিতে দুই শ পয়েন্ট প্রয়োজন হলেও বর্তমান শিথিল প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিরা সহজে লাভবান হতে পারবেন।ভিসাসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য প্রবাসীদের স্থানীয় ইমিগ্রেশন কনটাক্ট সেন্টার বা এইচআরডি কোরিয়া সেন্টারে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।