অক্টোবর ৭, ২০২৫, ০৩:৪৪ পিএম
চিংড়ি মাছ দিয়ে তৈরি করা যায় নানা ধরনের সুস্বাদু পদ। মালাইকারি বা দোপেঁয়াজার বাইরে নতুন কিছু রান্না করতে চাইলে আপনার জন্য সেরা একটি বিকল্প হতে পারে ‘চিংড়ির জল বড়া’। নারকেলের দুধের ঘন গ্রেভিতে রান্না করা চিংড়ির নরম বড়াগুলো খেতে যেমন অসাধারণ, তৈরি করাও বেশ সহজ। অতিথি আপ্যায়নে বা ঘরোয়া কোনো অনুষ্ঠানে এই পদটি আপনার রান্নার সুনাম বাড়িয়ে দেবে নিশ্চিত। চলুন, জেনে নেওয়া যাক চিংড়ির জল বড়া তৈরির সহজ রেসিপি।
তৈরি করতে যা লাগবে ছোট চিংড়ি এক কাপ, নারিকেলের দুধ এক কাপ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ কুচি চার-পাঁচটি, সরিষার তেল পাঁচ চা চামচ, একটি তেজপাতা, জিরা এক-দুই চা চামচ, এক টুকরা দারুচিনি, দুইটি এলাচ, একটি পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা দুই চা চামচ, হলুদের গুঁড়া এক চা চামচ, মরিচের গুঁড়া এক চা চামচ, জিরার গুঁড়া এক চা চামচ এবং ঘি এক চা চামচ।
যেভাবে তৈরি করবেন প্রথমে ছোট চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। এবার চিংড়িগুলো বেটে বা ব্লেন্ড করে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এই পেস্টের সঙ্গে স্বাদমতো লবণ এবং দুই-তিনটি কাঁচা মরিচ কুচি দিয়ে ভালোভাবে মেখে ছোট ছোট বল বা বড়ার আকার দিন। বড়াগুলো যেন ভেঙে না যায়, সেজন্য এর সঙ্গে এক চা চামচ চালের গুঁড়া মিশিয়ে নিতে পারেন।
এরপর একটি কড়াইতে সরিষার তেল গরম করে তাতে তেজপাতা, জিরা ও আস্ত গরম মসলা (এলাচ, দারুচিনি) ফোড়ন দিন। সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এবার একে একে আদা-রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নিন।
মশলা থেকে তেল ছেড়ে এলে তাতে এক কাপ নারকেলের দুধ দিয়ে নাড়ুন। ঝোলটি ফুটে উঠলে আগে থেকে তৈরি করে রাখা চিংড়ির বড়াগুলো সাবধানে একটি একটি করে ছেড়ে দিন। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ৫-৬ মিনিট রান্না করুন। বড়াগুলো শক্ত হয়ে ঝোল ঘন হয়ে এলে কয়েকটি কাঁচা মরিচ ও এক চামচ ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলুন। গরম ভাত, পোলাও বা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন মজাদার চিংড়ির জল বড়া।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন