অক্টোবর ৮, ২০২৫, ১০:২৯ এএম
শুধু পেট নয়, মনও ভরে যায় খেতে বসে এক থালা গরম ভাতের সঙ্গে যদি মেলে মনের মতো এক বাটি ভর্তা। রান্নাঘরের এক কোনায় রাখা সেই পুরোনো হামানদিস্তা বা শীলপাটায় বাটা চিংড়ি, চালকুমড়োর খোসা কিংবা ধনেপাতার গন্ধ আজও আমাদের অনেককেই নিয়ে যায় গ্রামের বাড়ির সেই দুপুরবেলায়, যেখানে ভাত মেখে খাওয়ার সময়টা ছিল একেকটা ছোট উৎসবের মতো। আজকের লেখায় থাকছে এমনই কিছু ভর্তা আর বাটার রেসিপি, যেগুলো একদিকে যেমন সহজ, অন্যদিকে তেমনই স্বাদে পরিপূর্ণ।
প্রথমেই আসা যাক লাউপাতা ও কাঁচা টমেটো বাটার কথায়। এর জন্য টাটকা কচি লাউপাতা ধুয়ে গরম পানিতে দুই মিনিট ভাপিয়ে নিতে হবে। এবার মিক্সিতে পানি ঝরানো পাতা, ৮-১০ কোয়া রসুন, একটি মাঝারি কাঁচা টমেটো, ৪-৫টি কাঁচামরিচ ও বেশ খানিকটা ধনেপাতা দিয়ে পেস্ট বানিয়ে নিন। কড়াইয়ে সরষের তেল গরম করে পেস্ট, লবণ আর মরিচ দিয়ে শুকনো করে নেড়ে নিলেই তৈরি।
অনেকে আবার আস্ত লাউ দিয়েই ভর্তা খেতে ভালোবাসেন। কচি লাউ ছোট করে কেটে কড়াইয়ে সরষের তেল দিয়ে একমুঠো পেঁয়াজ ও ৮-১০ কোয়া রসুন লাল করে ভাজুন। তারপর লাউ, টমেটো, কাঁচামরিচ ও লবণ দিয়ে নেড়ে ধনেপাতার ডাঁটি দিয়ে ঢেকে সেদ্ধ করুন। নরম হলে নামিয়ে ঠান্ডা করে পানি ছাড়া পেস্ট বানিয়ে নিন। এরপর আবার তেলে দিয়ে শুকনো করে ভাজলেই তৈরি লাউয়ের ভর্তা।
চিংড়ি আর পটোলের জুটিও ভর্তা হিসেবে দুর্দান্ত। একমুঠো চিংড়ি মাছ লবণ-হলুদ মাখিয়ে সরষের তেলে ভেজে তুলে রাখুন। বাকি তেলে ৪-৫ কোয়া রসুন, পেঁয়াজ কুচি, ৫টি পটোল কুচি ও কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিন। ঠান্ডা হলে ভাজা চিংড়ি ও পটোল একসঙ্গে পানি ছাড়া পেস্ট করে আবার তেলে দিয়ে শুকনো করে ভাজতে হবে।
মাংসের ঝুরো ভর্তা খেতে চাইলে একটি টমেটো, রসুন, পেঁয়াজ ও কাঁচামরিচ তারজালির ওপর রেখে গ্যাসে পুড়িয়ে নিন। ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে মিহি করে কুচিয়ে নিন। হাড়বিহীন মুরগির মাংস সেদ্ধ করে কিমা করে নিন। এবার কড়াইয়ে সরষের তেল গরম করে পোড়ানো সবজির কুচি দিয়ে ভেজে চিকেন কিমা ও লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। সবশেষে ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে নিন।
সাধারণ ঝিঙে দিয়েও বানানো যায় অসাধারণ ভর্তা। দুটি ঝিঙে খোসা ছাড়িয়ে টুকরো করে নিন। তেলে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ ও ঝিঙে দিয়ে ভালো করে ভাজুন। ভাজা হলে ধনেপাতা দিয়ে মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর মিক্সিতে পানি ছাড়া পেস্ট করে আবার তেলে দিয়ে শুকনো করে ভাজলেই তৈরি জিভে জল আনা ঝিঙের ভর্তা।
বাঙালির পাতে আলু ভর্তা থাকবে না, তা কি হয়? কয়েকটি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। শুকনো খোলায় কয়েকটি শুকনা মরিচ ভেজে নিন। একটি বাটিতে ভাজা মরিচ, পেঁয়াজ কুচি ও লবণ একসঙ্গে ভালোভাবে ডলে নিন। এবার এর সঙ্গে গরম আলু চটকে পরিমাণ মতো সরষের তেল দিয়ে মাখলেই তৈরি ক্লাসিক আলু ভর্তা।
বেগুন পোড়া ভর্তার স্বাদের জুড়ি নেই। একটি বড় গোল বেগুন ধুয়ে এর গায়ে ছুরি দিয়ে কয়েকটি দাগ কেটে ভেতরে রসুনের কোয়া ঢুকিয়ে দিন। এবার বেগুনটি সরাসরি আগুনে পুড়িয়ে নিন যতক্ষণ না ওপরটা কালো হয়ে যায় এবং ভেতরটা নরম হয়। ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে বেগুনের নরম অংশটুকু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ ও সরষের তেল দিয়ে মেখে নিন।
মসুর ডাল দিয়েও বানানো যায় চমৎকার ভর্তা। পরিমাণ মতো ডাল, পেঁয়াজ কুচি, রসুন কোয়া ও কাঁচামরিচ একসঙ্গে সেদ্ধ করে পানি শুকিয়ে নিন। এবার লবণ ও সরষের তেল দিয়ে গরম অবস্থাতেই ভালোভাবে মেখে নিলেই ডাল ভর্তা তৈরি।ডিম ভর্তার জন্য কয়েকটি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। একটি বাটিতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা কুচি ও লবণ একসঙ্গে মেখে নিন। এবার সেদ্ধ ডিমগুলো এর সঙ্গে ভালোভাবে চটকে পরিমাণ মতো সরষের তেল দিয়ে মাখুন।
অনেকেরই প্রিয় কালোজিরা ভর্তা। শুকনো খোলায় কালোজিরা টেলে নিন। এরপর এর সঙ্গে কয়েকটি শুকনা মরিচ, রসুন ও পেঁয়াজ ভেজে নিন। এবার সবকিছু একসঙ্গে পাটায় বেটে বা ব্লেন্ডারে পেস্ট করে লবণ ও সরষের তেল দিয়ে মাখলেই তৈরি।
সবশেষে রইল চ্যাপা শুঁটকির ভর্তা। কয়েকটি চ্যাপা শুঁটকি গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিন। এবার তেলে মাছগুলো হালকা ভেজে তুলে নিন। ওই তেলেই বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও শুকনা মরিচ সোনালি করে ভাজুন। ভাজা পেঁয়াজ, রসুন, মরিচ এবং মাছ একসঙ্গে পাটায় মিহি করে বেটে নিলেই তৈরি হয়ে যাবে চ্যাপা শুঁটকির ঝাঁঝালো ভর্তা।




দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন