ডিসেম্বর ৭, ২০২৫, ১০:১২ এএম
কয়েক বছর আগেও মেজর লিগ সকারে (এমএলএস) চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবতে পারত না ইন্টার মিয়ামি সমর্থকরা। কিন্তু লিওনেল মেসি আসার পর থেকেই তাদের স্বপ্নের পালে যেন নতুন করে হাওয়া লেগেছে। তারই ধারাবাহিকতায় এবার ইতিহাস গড়ল ফ্লোরিডার এই ক্লাবটি।
প্রথমবারের মতো জিতল এমএলএস কাপ। শিরোপা জয়ের পথে তারা ৩-১ গোলে হারিয়েছে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে।এটি মিয়ামির প্রথম লিগ শিরোপা। ২০২০ সালে যাত্রা শুরু করার পর ডেভিড বেকহামের ক্লাবটি প্রথমবার চ্যাম্পিয়নদের কাতারে উঠল।
এই জয়ের ফলে ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে মেসির ঝুলিতে যোগ হলো ৪৮তম শিরোপা। একইসঙ্গে এমএলএস কাপের সেরা খেলায়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। ৮ মিনিটে তাদেও আলেন্দের শট ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল উপহার দেন ভ্যাঙ্কুভারের এডিয়ের ওকাম্পো। এই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধে বিরতিতে যায় মিয়ামি। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে আলি আহমেদের শটে সমতায় ফেরে ভ্যাঙ্কুভার।
এরপরই শুরু হয় মেসি জাদু। ৭১ মিনিটে প্রতিপক্ষের অর্ধে বল কেড়ে নেওয়ার পর দুর্দান্ত এক অ্যাসিস্ট বা পাস দেন রদ্রিগো ডি পলের দিকে। ডি পল বল জালে পাঠিয়ে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এরপর যোগ করা সময়ের ৯৬তম মিনিটে আবারও মেসির ম্যাজিক। জর্দি আলবার থেকে বল পেয়ে আরেকটা নিখুঁত পাস দেন আলেন্দেকে। আলেন্দে গোল করে ব্যবধান ৩-১ করেন। এই জয়ের পরই শুরু হয় শিরোপা উৎসব। এদিনই ক্যারিয়ারের শেষ ম্যাচ খেললেন সার্জিও বুসকেটস ও জর্দি আলবা। দুই সাবেক বার্সা তারকার বিদায় বরণ হলো শিরোপা উদ্যাপনের মাঝেই।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন