রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

ওমানকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল অস্ট্রেলিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১১:১৯ পিএম

ওমানকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল অস্ট্রেলিয়া

বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পর নিয়মরক্ষার শেষ ম্যাচে ওমানের বিপক্ষে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিল অস্ট্রেলিয়া। শুক্রবার শ্রীলঙ্কার পাল্লেকেলেতে অনুষ্ঠিত এই ম্যাচে ওমানকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে অজিরা। এই জয়ের ফলে চার ম্যাচে দুই জয় নিয়ে বি গ্রুপের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থেকে এবারের আসর শেষ করল তারা। 

এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে জিম্বাবুয়ে এবং রানার-আপ হিসেবে শ্রীলঙ্কা পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে।ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে পড়ে ওমান। 

অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পার বিষাক্ত ঘূর্ণিতে কুপোকাত হন ওমানি ব্যাটাররা। মাত্র ১৬.২ ওভারে ১০৪ রানেই গুটিয়ে যায় ওমান। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন ওয়াসিম আলী। এছাড়া অধিনায়ক জতীন্দর সিং ও হাম্মাদ মির্জা কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও তা বড় সংগ্রহের জন্য যথেষ্ট ছিল না। 

অস্ট্রেলিয়ার পক্ষে মাত্র ২১ রান খরচায় ৪টি উইকেট শিকার করে ওমানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন জাম্পা। জাভিয়ের বার্টলেট ও গ্লেন ম্যাক্সওয়েল নেন দুটি করে উইকেট।জয়ের জন্য ১০৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ট্রাভিস হেড ও মিচেল মার্শ মাত্র ৯.১ ওভারে ৯৩ রান সংগ্রহ করেন। 

ট্রাভিস হেড ১৯ বলে ৩২ রান করে সাজঘরে ফিরলেও অধিনায়ক মিচেল মার্শ ছিলেন বিধ্বংসী মেজাজে। মাত্র ৩৩ বলে ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬৪ রান করে অপরাজিত থাকেন তিনি। জশ ইংলিস ৬ বলে ১২ রান করে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ফলে মাত্র ৯.৪ ওভারেই ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। বড় ব্যবধানে জিতলেও আসর থেকে অকালেই বিদায় নিতে হলো গতবারের সেমিফাইলানিস্টদের।