এপ্রিল ১, ২০২৬, ১১:৫৬ এএম
ডেনমার্কের বিশ্বকাপ স্বপ্ন চুরমার করে দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান ঘটালো চেক প্রজাতন্ত্র। টাইব্রেকারের চরম রোমাঞ্চে ডেনিশদের হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে চেক ফুটবলাররা।
প্রাগের জেনেরেট অ্যারেনায় ঘরের মাঠে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ২-২ গোলে সমতায় থাকার পর পেনাল্টি শুটআউটে ৩-১ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। ১৯ হাজার দর্শকের গগনবিদারী উল্লাসের মাঝে ডেনমার্ককে কাঁদিয়ে বিশ্বকাপে চেক প্রজাতন্ত্র নিজেদের অবস্থান জানান দিল।ম্যাচের শুরু থেকেই জয়ের নেশায় মরিয়া ছিল চেক প্রজাতন্ত্র।
ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে মাত্র তিন মিনিটের মাথায় পাভেল সুলচের গোলে লিড নেয় তারা। গ্যালারি যখন প্রথম গোলের উদযাপনে ব্যস্ত, তখন ডেনমার্ক সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। দীর্ঘক্ষণ চেষ্টার পর ম্যাচের ৭২তম মিনিটে ইয়াকিম অ্যান্ডারসনের গোলে ১-১ সমতায় ফেরে ডেনিশরা।
এরপর দুই দলই সতর্ক হয়ে খেলায় লড়াই গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ১০০তম মিনিটে লাডিস্লাভ ক্রেচ আবার চেক প্রজাতন্ত্রকে এগিয়ে দেন। তবে নাটকের তখনও বাকি ছিল। ১১১তম মিনিটে ক্যাসপার হগ গোল করে ডেনমার্ককে আবারও ম্যাচে ফেরান।
শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ডেনমার্কের ভাগ্য সহায় হয়নি। টাইব্রেকারে ডেনিশদের হয়ে রাসমাস হজলুন্ড, অ্যান্ডার্স ড্রেয়ার এবং ম্যাথিয়াস জেনসেন শট মিস করলে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ডেনমার্কের পক্ষে একমাত্র সফল গোলটি করতে পেরেছিলেন অভিজ্ঞ ক্রিস্টিয়ান এরিকসেন।
অন্যদিকে চেক প্রজাতন্ত্রের হয়ে টাইব্রেকারে থমাস ছোরি, থমাস সোওচেক, লাডিস্লাভ ক্রেচ এবং মিচেল সাডিলেক লক্ষ্যভেদ করে দলের জয় নিশ্চিত করেন। তাদের নিখুঁত প্রতিটি শট চেক সমর্থকদের বিশ্বমঞ্চে যাওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেয়।উল্লেখ্য যে এর আগে প্লে-অফ সেমিফাইনালেও চেক প্রজাতন্ত্র একইভাবে টাইব্রেকারে জয় পেয়েছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও তারা শেষ পর্যন্ত জয় ছিনিয়ে এনেছিল।
টানা দুই ম্যাচে এমন শ্বাসরুদ্ধকর জয় পাওয়ার পর এখন বিশ্বকাপের মূল আসরের জন্য প্রস্তুতি শুরু করবে দলটি। ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে চেক প্রজাতন্ত্রের প্রতিপক্ষ হিসেবে থাকবে শক্তিশালী দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং আয়োজক দেশ মেক্সিকো। স্থানীয় ক্রীড়া বিশ্লেষকরা বলছেন এই প্রত্যাবর্তনের মাধ্যমে চেক ফুটবল এক নতুন উচ্চতায় পৌঁছাল। প্রাগের রাস্তায় এখন শুধুই ফুটবল সমর্থকদের আনন্দ মিছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন