এপ্রিল ১১, ২০২৬, ১০:২৩ এএম
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ২০২৬ বিশ্বকাপকে ঘিরে নতুন এক রেকর্ড গড়তে যাচ্ছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই বিশ্বকাপের জন্য ১৭০ জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এটি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক অফিসিয়াল নিয়োগের ঘটনা। এই বিশাল বহরে থাকছেন ৫২ জন প্রধান রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর।
বিশ্বের মোট ৫০টি সদস্য দেশ থেকে নির্বাচিত এসব অফিসিয়ালদের নিয়েই গঠিত হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় রেফারিং প্যানেল।এবারের বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি রেফারিংয়ে আরেকটি বড় মাইলফলক গড়তে যাচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল।
প্রথমবারের মতো একটি বিশ্বকাপে এই দুই ফুটবল পরাশক্তি দেশ থেকে তিনজন করে প্রধান রেফারি দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন। আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করবেন ইয়ায়েল ফালকোন পেরেজ, দারিও এরেরা ও ফাকুন্দো টেলো।
অন্যদিকে ব্রাজিল থেকে তালিকায় জায়গা পেয়েছেন রাফায়েল ক্লস, উইল্টন সাম্পাইও ও র্যামন আবাত্তি। দক্ষিণ আমেরিকার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের রেফারিদের ওপর ফিফার এই আস্থা ফুটবল বিশ্বে বেশ আলোচনার জন্ম দিয়েছে।অভিজ্ঞতার নিরিখে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকেও সাতজন অফিসিয়াল নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে আছেন ফুটবল ভক্তদের কাছে অতি পরিচিত মুখ মাইকেল অলিভার ও অ্যান্থনি টেইলর। পাশাপাশি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে থাকছেন জ্যারেড জিলেট।
আয়োজক দেশগুলোর মধ্য থেকে মেজর লিগ সকার বা এমএলএস থেকেও ১১ জন অফিসিয়ালকে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইসমাইল ইলফাথ ও তোরি পেনসো এবং কানাডার ড্রিউ ফিশার রেফারির দায়িত্বে থাকবেন। উল্লেখ্য যে ৩৯ বছর বয়সি তোরি পেনসো এবার পুরুষদের বিশ্বকাপে দায়িত্ব পাওয়া ছয় নারী অফিসিয়ালের একজন হিসেবে বিশেষভাবে নজরে রয়েছেন।কাতার ২০২২ বিশ্বকাপের ফাইনাল পরিচালনাকারী পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি শেমন মারচিনিয়াকও থাকছেন এবারের আসরে। তার সঙ্গে সহকারী হিসেবে কাজ করবেন টমাশ লিস্টকিয়েভিচ।
এ ছাড়া তালিকায় রয়েছেন ইউরো ২০২৪ ফাইনালের রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং চ্যাম্পিয়নস লিগ ২০২৫-এর ফাইনাল পরিচালনা করা ইস্তভান কোভাকস। প্রযুক্তির দিক থেকেও এবারের ৪৮ দলের বিশ্বকাপে বড় ধরনের পরিবর্তন আনছে ফিফা। রেফারিদের শরীরে বডি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা এর আগে বিভিন্ন শীর্ষ লিগে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল। আধুনিক প্রযুক্তির এই সংযোজন ২০২৬ বিশ্বকাপকে ইতিহাসের অন্যতম নিখুঁত ও উন্নত আয়োজনে রূপ দেবে বলে ধারণা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন