মে ৩, ২০২৬, ০১:১৪ পিএম
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান আওয়ামী লীগেই থাকার ঘোষণা দিয়েছেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকলেও সাকিবের দল পরিবর্তনের কোনো ইচ্ছা নেই বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এই সরাসরি মন্তব্য করেন।
সাক্ষাৎকারে সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ আওয়ামী লীগের প্রতিই নিবেদিত কি না। এই প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘সেটাই তো হওয়ার কথা (আওয়ামী লীগে প্রতিজ্ঞাবদ্ধ), তাই না? আমার এত দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই এবং কোনো কালেও ছিল না।
আমি এই জিনিস কখনও করিনি। আমি যদি একটা ছোট দলেও কোনো দিন নাম লিখিয়েছি তো ওই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম। পল্টি দেওয়ার অভ্যাস নেই।’
আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের ওপর নিষেধাজ্ঞার বিষয়েও কথা বলেন সাকিব আল হাসান। তিনি মনে করেন, এই নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হওয়া উচিত নয়। সাকিব বলেন, ‘এখন নিষিদ্ধ, তাই বলে আজীবন নিষিদ্ধ থাকবে নাকি? আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে! এটা তো মানুষের গণতান্ত্রিক অধিকার। দেশের একটা বড় অংশকে তো দাবিয়ে রাখতে পারবেন না। হ্যাঁ, জোর করে কিছুদিন সম্ভব আটকে রাখা বা যতদিন সম্ভব দমিয়ে রাখতে পারেন। কিন্তু এটাতে আসলে দেশের কোনো উন্নতি বা রাজনীতির ভালো আছে বলে আমার মনে হয় না।’
বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিরোধী দলকে দমনের যে অভিযোগ রয়েছে, সে প্রসঙ্গেও নিজের মতামত তুলে ধরেন সাকিব। তিনি বলেন, ‘এই ভুলটা যদি আমরা করে থাকি, ১০-১৫-২০ বছর আগের রাজনীতির সেই সময়ে দলের ভাবনা তো আমি জানি না, কিন্তু আমরা যদি এ রকম ভুল করে থাকি, সেই ভুলেরও তো তাহলে এখন পুনরাবৃত্তি হচ্ছে! পরে যদি আবার অন্য কোনো দল ক্ষমতায় আসে বা আমরা আসি এবং পুনরাবৃত্তি করি, তাহলে এই খেলা তো চলতেই থাকবে। কাউকে না কাউকে এগুলো শেষ করতে হবে।’
সাকিবের এই মন্তব্য বর্তমানে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়া এই অলরাউন্ডার বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। সাকিবের এই দৃঢ় অবস্থান তাঁর অনুসারী ও রাজনৈতিক মহলের জন্য একটি বড় সংকেত হিসেবে দেখা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন