মে ৯, ২০২৬, ০৫:৪৮ পিএম
২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে ৫৫ সদস্যের প্রাথমিক দল গোছানোর কাজ শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ১১ মে’র মধ্যে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে এই তালিকা জমা দেওয়ার কথা রয়েছে সেলেসাওদের। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টস জানিয়েছে, সেই তালিকায় অভিজ্ঞ তারকা নেইমার জুনিয়রের পাশাপাশি রাখা হচ্ছে উদীয়মান প্রতিভা এস্তেভাও উইলিয়ানকেও।
ফিফার নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিটি দলকে শুরুতে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা জমা দিতে হয়। পরবর্তীতে সেই তালিকা থেকেই চূড়ান্ত ২৩ থেকে ২৬ সদস্যের স্কোয়াড নির্বাচন করা হয়। ১ জুনের মধ্যে চূড়ান্ত দল জমা দেওয়ার সময়সীমা থাকলেও অনেক দেশ তার আগেই দল ঘোষণা করে থাকে।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগামী ১৮ মে চূড়ান্ত দল ঠিক করবেন বলে জানা গেছে। তিনি ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে, শারীরিকভাবে পুরোপুরি ফিট হতে পারলে নেইমার বিশ্বকাপ দলে নিশ্চিতভাবেই জায়গা পাবেন।
দীর্ঘ সময় চোটের কারণে মাঠের বাইরে থাকা এই ফরোয়ার্ডের অন্তর্ভুক্তি নিয়ে ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।অন্যদিকে তরুণ ফরোয়ার্ড এস্তেভাও উইলিয়ানকে নিয়েও আশাবাদী কোচ। চেলসিতে যোগ দিতে যাওয়া এই ফুটবলার বর্তমানে হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। যদি তিনি সময়মতো সুস্থ হতে না পারেন, তবে বিকল্প হিসেবে এন্ড্রিক বা রাইয়ানের মতো তরুণদের বিবেচনা করছে ব্রাজিলিয়ান টিম ম্যানেজমেন্ট।
তবে দল ঘোষণার আগেই বড় ধরনের ধাক্কা খেয়েছে ব্রাজিল শিবির। চোটের কারণে রিয়াল মাদ্রিদের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার এডার মিলিতাও ও রদ্রিগো বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। ফলে ফিফার কাছে জমা দিতে যাওয়া প্রাথমিক স্কোয়াডেও জায়গা হচ্ছে না তাদের। আনচেলত্তির পরিকল্পনায় এই দুই তারকার অনুপস্থিতি বড় ক্ষতি হিসেবেই দেখা হচ্ছে।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহের শুরুতে প্রাথমিক তালিকাটি ফিফার কাছে পাঠাবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। ফুটবল ভক্তদের নজর এখন ১৮ মে’র দিকে, যেদিন চূড়ান্ত স্কোয়াডের ঘোষণা আসবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন