আগস্ট ১৯, ২০২৬, ১২:৪৭ পিএম
চার দিনের ব্যবধানে ম্যাচ চলাকালীন দুবার মাঠে লুটিয়ে পড়ে ফুটবল বিশ্বকে গভীর উদ্বেগে ফেলেছেন বায়ার্ন মিউনিখের জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা।মঙ্গলবার রাতে হেইডেনহাইমের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে বদলি হিসেবে নামার কিছুক্ষণ পরই হঠাৎ মাটিতে পড়ে যান তেইশ বছর বয়সী এই তারকা খেলোয়াড়। দৃশ্যটি দেখে দ্রুত মাঠে ছুটে যান মেডিকেল দলের সদস্যরা। উভয় দলের খেলোয়াড়দের তীব্র উদ্বেগের মাঝেই প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।
এর আগে আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচেও তিনি একইভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।টানা দুই ম্যাচে এমন আকস্মিক ঘটনার পর নিজের স্বাস্থ্য নিয়ে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়েছেন এই ফুটবলার নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান যে, স্নায়বিক সমস্যার কারণে তাঁর এক ধরনের মৃগী রোগ বা খিঁচুনি শনাক্ত হয়েছে।
তবে চিকিৎসকদের মতে এটি সহজেই নিরাময়যোগ্য এবং এর ফলে স্বাস্থ্যের বাড়তি কোনো ঝুঁকি নেই বলে নিশ্চিত করেছেন তিনি।বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দৈনন্দিন স্বাভাবিক জীবনযাপন এবং ফুটবল ক্যারিয়ার চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মুসিয়ালা। ফুটবল খেলার প্রতি তাঁর আবেগ ধরে রেখেই তিনি এই স্বাস্থ্যগত চ্যালেঞ্জ মোকাবিলা করবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন