সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৬:৫৩ পিএম
২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার যেকোনো প্রচেষ্টাকে প্রতিহত করতে কাজ করবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার জন্য ফিফা ও উয়েফার প্রতি আহ্বান জানানোর পর মার্কিন পররাষ্ট্র দফতর এই মন্তব্য করেছে।
মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে বলেছে, “ইসরায়েলের জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার কোনও প্রচেষ্টা যাতে সফল না হয়, সেজন্য আমরা অবশ্যই সর্বাত্মকভাবে কাজ করব।”উল্লেখ্য, আসন্ন ২০২৬ বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ইসরায়েল ইতোমধ্যে উয়েফার অধীনে বাছাইপর্বে অংশ নিচ্ছে।
এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ ইসরায়েলি ক্রীড়াবিদদের সব আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন। বিশ্লেষকরা মনে করছেন, স্পেনের এই পদক্ষেপ ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনকারীদের সমর্থনকে শক্তিশালী করেছে এবং আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর ওপর চাপ সৃষ্টি করতে পারে। তবে যুক্তরাষ্ট্রের অবস্থানের কারণে ইসরায়েলকে বিশ্বকাপ ফুটবল থেকে বহিষ্কার করা কঠিন হবে বলে মনে করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন