রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

ব্যাটারদের ব্যর্থতাই পরাজয়ের কারণ: হেড কোচ ফিল সিমন্স

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৪:৪৩ পিএম

ব্যাটারদের ব্যর্থতাই পরাজয়ের কারণ: হেড কোচ ফিল সিমন্স

ছবি - সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে মাত্র ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১১ রানে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। এই অপ্রত্যাশিত হারের জন্য দলের ব্যাটারদের ভুল সিদ্ধান্ত ও শট নির্বাচনকে দায়ী করেছেন বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, "সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি ব্যাটসম্যানরা। সব দলকেই কোনো না কোনো সময় এমন দিনের মুখোমুখি হতে হয়। আজ (গতকাল) আমাদের তেমন দিন গেল; আমাদের সিদ্ধান্ত আর শট নির্বাচন ভালো হয়নি।"

শেখ মাহেদি হাসানের মতো ১১ গড় ও ১০০ স্ট্রাইকরেটের একজন খেলোয়াড়কে ৪ নম্বর পজিশনে ব্যাটিংয়ে পাঠানোর বিষয়ে প্রশ্ন উঠলে কোচ তার ব্যাখ্যা দেন।

সিমন্স বলেন, "আপনি এটাকে ৪ নম্বর হিসেবে দেখছেন। আমি দেখেছি, এমন একজনকে পাঠানো হচ্ছে, যিনি তখন পেসারদের সামলাতে পারতেন। তখনো পাওয়ারপ্লে চলছিল, তাই সে ফাস্ট বোলারদের বিপক্ষে বেশি খেলতে পারত।"

রান তাড়া করার সময় বাংলাদেশের ব্যাটারদের তাড়াহুড়ো ব্যাটিং প্রসঙ্গে সিমন্সের অভিমত ছিল, "আমাদের কোনো নির্দিষ্ট ওভারের মধ্যে তাড়া করার দরকার ছিল না। আমাদের শুধু ম্যাচ জিততে হতো।"

হেড কোচ লিটন দাসের অনুপস্থিতিকে একটি বড় কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি যোগ করেন, "দুই ম্যাচ আগেই বাংলাদেশ একই ব্যাটিং অর্ডার দিয়ে ১৬০ রান তাড়া করেছে। দারুণ ছন্দে থাকা অধিনায়ককে হারানো আমাদের জন্য বড় ইস্যু ছিল। আজকে ব্যাটারদের সিদ্ধান্ত খারাপ হয়েছে।"