রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

বান্দরবানে পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৬, ২০২৬, ১১:৪২ পিএম

বান্দরবানে পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা

বান্দরবানের পাহাড়ি পথ।

ঈদুল আজহা উপলক্ষে বান্দরবানে আগত পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। সোমবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনায় পর্যটন কেন্দ্র পরিদর্শন শেষে সন্ধ্যার পূর্বেই পর্যটকদের জেলা বা উপজেলা সদরে ফিরে আসতে বলা হয়েছে।

দুর্গম ও অনুমোদনবিহীন কোনো পর্যটন স্পটে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।পর্যটকদের নিরাপত্তার স্বার্থে স্থানীয় ট্যুর গাইড ও পরিবহন সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। 

কোনো সন্দেহজনক বিষয় নজরে এলে তাৎক্ষণিক প্রশাসনকে অবহিত করতে বলা হয়েছে। তবে ঈদের ছুটিতে পর্যটকদের জন্য সুখবর হিসেবে জেলার জনপ্রিয় তিনটি কেন্দ্র—নীলচল, মেঘলা ও প্রান্তিক লেকে প্রবেশমূল্য মওকুফ করা হয়েছে। জেলা প্রশাসনের অধীনে থাকা এই স্পটগুলো বিনামূল্যে উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।

নিরাপত্তা নিশ্চিত করাই এই নির্দেশনার মূল লক্ষ্য।জেলা প্রশাসক জানান, ঈদের ছুটিতে বান্দরবানে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিধিনিষেধ জারি করা হয়েছে। অপরিচিত বা ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণের ক্ষেত্রে স্থানীয় ট্যুর গাইড নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

অনুমোদনহীন স্পটে কোনো ধরনের ঝুঁকি না নিতে পর্যটকদের আহ্বান জানানো হয়েছে। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টিও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।নিরাপদ ভ্রমণের মাধ্যমে ঈদের আনন্দ উদযাপন হোক—এটাই প্রশাসনের প্রত্যাশা।