রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে বৃষ্টির মতো ঝরা কুয়াশায় বিপর্যস্ত জনজীবন

আবু সালেহ মো. রায়হান

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৯:৫৪ এএম

পঞ্চগড়ে বৃষ্টির মতো ঝরা কুয়াশায় বিপর্যস্ত জনজীবন

ছবি-দিনাজপুর টিভি

হিমালয় কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টা ও ৯টায় এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর হিমেল বাতাসের দাপটে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে গোটা জেলা। রাতভর বৃষ্টির মতো ঝরা কুয়াশা আর হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস শীতের তীব্রতাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

বুধবার সকাল গড়িয়ে ৯টা বাজলেও দেখা মেলেনি সূর্যের। ফলে মহাসড়ক ও গ্রামীণ সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে অত্যন্ত ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, আজ সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার বেগে হিমেল বাতাস জেলাজুড়ে বয়ে যাচ্ছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাত্র ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রার এই সামান্য পার্থক্যের কারণে দিনভর কনকনে শীত অনুভূত হচ্ছে।

শীতের তীব্রতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পাথর শ্রমিক, দিনমজুর ও কৃষি শ্রমিকেরা। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রার এমন পরিস্থিতি বজায় থাকতে পারে এবং কুয়াশার পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। হাড়কাঁপানো এই শীতে ছিন্নমূল মানুষের জন্য জরুরি শীতবস্ত্র সহায়তার দাবি জানিয়েছেন সচেতন মহল।