আবু সালেহ মো. রায়হান
জানুয়ারি ২, ২০২৬, ১০:০৪ এএম
ছবি-দিনাজপুর টিভি
হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়ে পৌষের কনকনে শীতে নাকাল হয়ে পড়েছে জনজীবন। শুক্রবার (২ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। হাড়কাঁপানো শীতের সাথে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, যা এই জনপদের স্বাভাবিক ছন্দ কেড়ে নিয়েছে।
বৃহস্পতিবার রাত থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে জেলার পথঘাট। রাতভর বৃষ্টির মতো ঝরা কুয়াশা আর উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিমেল বাতাসে জবুথবু অবস্থা সৃষ্টি হয়েছে।
শুক্রবার ভোরে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় সড়ক ও মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
তীব্র শীতে জেলার কৃষি খাতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে আলু ও মরিচ খেতে বিভিন্ন রোগবালাইয়ের প্রকোপ বাড়ছে। অতিরিক্ত কুয়াশার কারণে বোরো ধানের বীজতলাও ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। নিম্ন আয়ের মানুষ ও দিনমজুরেরা হাড়কাঁপানো শীতের মধ্যে কাজে যেতে পারছেন না; অনেকেই মোড়ে মোড়ে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, আজ সকাল ৯টায় ৯.৪ ডিগ্রি এবং সকাল ৬টায় ৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং ঘণ্টায় ৯-১০ কিলোমিটার বেগে হিমেল বাতাস প্রবাহিত হচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মেলায় শীতের তীব্রতা সামান্য কমেছে। আবহাওয়া অফিস সতর্ক করেছে যে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে এবং কুয়াশার দাপট বাড়তে পারে।