বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে মৃদু শৈত্য প্রবাহ: তাপমাত্রা ৮.৩ ডিগ্রিতে নামায় বিপাকে জনজীবন

আবু সালেহ মো রায়হান 

জানুয়ারি ১০, ২০২৬, ১০:০৬ এএম

পঞ্চগড়ে মৃদু শৈত্য প্রবাহ: তাপমাত্রা ৮.৩ ডিগ্রিতে নামায় বিপাকে জনজীবন

ছবি-দিনাজপুর টিভি

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে পৌষের শেষে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। ঘন কুয়াশা আর হিমালয় থেকে আসা কনকনে হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে জনপদ। জেলাজুড়ে বর্তমানে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, যার ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ৬টা ও ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যমতে, এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ এবং হিমেল বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০-১২ কিলোমিটার। দিন ও রাতের তাপমাত্রা ৮ থেকে ২০ ডিগ্রির মধ্যে ওঠানামা করায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, শুক্রবার রাত থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় পথঘাট। বৃষ্টির মতো ঝরা কুয়াশার কারণে শনিবার ভোরে মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে। শীতের তীব্রতায় খেটে খাওয়া মানুষ সময়মতো কাজে যোগ দিতে পারছেন না। নিম্ন আয়ের মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

শীতের এই বৈরী প্রভাব পড়েছে কৃষিখাতেও। ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে আলু ও মরিচ ক্ষেতে রোগবালাই দেখা দিচ্ছে। এছাড়া বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের প্রকোপ বাড়তে পারে। সেই সাথে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।