সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিরলে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:১৬ পিএম

বিরলে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

ভুট্টা ক্ষেত পরিচর্যা করছেন কৃষক :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলায় আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। অধিক লাভের আশায় দিনরাত ভুট্টার ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। দিনাজপুর জেলা শহরের সবচেয়ে নিকটবর্তী এই উপজেলার মাটি অত্যন্ত উর্বর হওয়ায় ধান, গম, আলু ও সরিষার পাশাপাশি ভুট্টার ফলনও এখানে আশাব্যঞ্জক। 

তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন কারণে ভুট্টা চাষের পরিধি কিছুটা কমেছে বলে জানা গেছে।উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার জানান, কৃষি বিভাগ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। 

তিনি বলেন, "এখন পর্যন্ত আবহাওয়া ভুট্টার জন্য বেশ উপযোগী রয়েছে। যদি বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তবে এবারও বিরলে ভুট্টার ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।" দক্ষিণ রঘুনাথপুর গ্রামের ভুট্টাচাষী একারামুল হক জানান, তিনি এবার ৪ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন। 

অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষ বেশ সাশ্রয়ী ও সহজ হওয়ায় কৃষকরা এতে আগ্রহী থাকেন। এবার গাছের বৃদ্ধি ও বর্তমান অবস্থা দেখে তিনি বড় ধরনের সাফল্যের আশা করছেন।কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে বিরল উপজেলায় ৯ হাজার ৮০০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। সংশ্লিষ্টদের মতে, কয়েক বছর আগেও এই উপজেলায় ভুট্টা চাষের পরিমাণ আরও বেশি ছিল। চাষাবাদ কিছুটা কমে আসার পেছনে দুটি প্রধান কারণ চিহ্নিত করা হয়েছে। 

প্রথমত, সীমান্তবর্তী কিছু এলাকায় ভুট্টা চাষে কৃষকদের নিরুৎসাহিত করা এবং দ্বিতীয়ত, ব্যবসায়িক জটিলতা। অভিযোগ রয়েছে, দেশের বড় কিছু শিল্প গ্রুপের সাথে ব্যবসা করতে গিয়ে স্থানীয় ভুট্টা ব্যবসায়ীরা সময়মতো পাওনা টাকা না পাওয়ায় চরম আর্থিক লোকসানের শিকার হয়েছেন। অনেক ব্যবসায়ী সহায়-সম্বল হারিয়ে পথে বসেছেন, যার নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় ভুট্টা বাজারে।

অনুসন্ধানে জানা গেছে, মধ্যস্বত্বভোগী ও বড় কোম্পানির লবিংয়ের কারণে প্রান্তিক ব্যবসায়ীরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে অনেক কৃষকই এখন বিকল্প ফসলের দিকে ঝুঁকছেন। তবে বর্তমান প্রতিকূলতা কাটিয়ে যদি বাজার ব্যবস্থাপনা উন্নত করা যায় এবং ব্যবসায়ীদের পাওনা পরিশোধ নিশ্চিত করা হয়, তবে বিরলের এই উর্বর মাটিতে ভুট্টা বিপ্লব ঘটানো সম্ভব বলে মনে করছেন সচেতন মহল।