রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে কৃষকের মাঝে সার ও গাছের চারা বিতরণ

মো: মামুনুর রশিদ

আগস্ট ১৯, ২০২৬, ০৪:২৯ পিএম

দিনাজপুরে কৃষকের মাঝে সার ও গাছের চারা বিতরণ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন প্রকল্পের আওতায় ৪৩ জন কৃষকের মাঝে সার এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। কৃষিকে আরও লাভজনক করতে পাঁচ ধরনের আমন ধানের জাত নিয়ে মাঠপর্যায়ে এই পরীক্ষামূলক কাজ শুরু হয়েছে।আজ বুধবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে এসব কৃষি উপকরণ দেওয়া হয়।

জানা যায়, প্রয়োগিক পরীক্ষণ ও মূল্যায়নের জন্য জেলার ৪৩ একর জমিতে চাষাবাদের উদ্দেশ্যে কৃষকদের ইউরিয়া, ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক কৃষককে তিনটি করে মোট ১২৯টি চারা দেওয়া হয়। কৃষকদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যমে নতুন এসব জাতের কার্যকারিতা ও ফলন নিবিড়ভাবে মূল্যায়ন করা হবে।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন এবং প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জানে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোছা. সেলিমা জাহানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।