বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

কেরানীগঞ্জে ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:২৩ এএম

কেরানীগঞ্জে ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার সংলগ্ন একটি ১২ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।

সরেজমিনে দেখা গেছে, ভবনটির নিচতলায় একটি ঝুট কারখানা থাকায় আগুন দ্রুত দোতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ঝুটের কারণে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে যায়।

প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসলেও পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে একে একে ১৪টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের অপারেশন ও মেনটেনেন্স বিভাগের পরিচালক লে: কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ভবনটি আবাসিক এবং বাণিজ্যিক মিশ্র প্রকৃতির। ঝুট গোডাউন থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। অন্যান্য ভবনে যেন আগুন না ছড়ায়, সে চেষ্টা চলছে।তিনি নিশ্চিত করেছেন,সিঁড়ি দিয়ে ৪২ জনকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা নেই।

ভবনের দোতলায় এখনও আগুনের ফুলকি রয়েছে এবং অন্যান্য তলায় আগুনের ধোঁয়া রয়ে গেছে।তাজুল ইসলাম জানান, ভেতরে কোনো কেমিক্যালের অস্তিত্ব পাওয়া যায়নি। এখনও পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিতভাবে জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন।