রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতনের ভিডিও ভাইরাল, আরও যা জানা যাচ্ছে

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ০৭:৫১ পিএম

নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতনের ভিডিও ভাইরাল, আরও যা জানা যাচ্ছে

রাজধানীর গুলশানের নদ্দা এলাকায় চুরির অপবাদে এক ভবঘুরে নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে ঠান্ডা পানি ঢেলে নির্যাতনের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই অমানবিক নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন।

এ ঘটনায় রোববার (৪ জানুয়ারি) ৩ জন অপ্রাপ্তবয়স্ক মাদরাসা শিক্ষার্থীসহ মোট ৫ জনকে আটক করেছে গুলশান থানা পুলিশ।

ঘটনাটি ঘটে গত শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নদ্দা এলাকার মোড়েল বাজারের ‘মারকাজুত তা’লীম আল ইসলামী’ মাদরাসার সামনে।ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শীতের পোশাক পরা এক নারীকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে।

তার গায়ে মগ ও ছোট বালতি দিয়ে দুজন ব্যক্তি ঠান্ডা পানি ঢালছেন। হাড়কাঁপানো শীতে ওই নারী কুঁকড়ে যাচ্ছেন এবং কষ্ট পাচ্ছেন, অথচ নির্যাতনকারীরা হাসাহাসি করছেন। পাশে দাঁড়িয়ে কয়েকজন ঘটনাটি দেখছেন এবং ভিডিও করছেন।কেন এই নির্যাতন? পুলিশ ও মাদরাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ওই দিন সকালে মাদরাসার লোকমান নামের এক শিক্ষকের কক্ষে ঢুকে হ্যাঙ্গারে ঝোলানো পাঞ্জাবির পকেটে হাত দিয়েছিলেন ওই নারী। দুই শিশু শিক্ষার্থী তা দেখে চিৎকার করলে তাকে আটক করা হয়।

মাদরাসা সংশ্লিষ্টদের দাবি, এত সকালে পুলিশ পাওয়া যাবে না ভেবে তারা নিজেরাই ‘শাস্তি’ হিসেবে ওই নারীকে বেঁধে পানি ঢেলে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে তাকে একটি বাসে তুলে দেওয়া হয়।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল হাসান জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে পুলিশ ভিডিও দেখে স্বপ্রণোদিত হয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ৫ জনকে আটক করেছে। আটককৃতরা সবাই ওই মাদরাসার শিক্ষার্থী এবং তাদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক।

ওসি আরও জানান, নির্যাতিত ওই নারী সম্ভবত ভবঘুরে এবং তিনি এলাকার স্থায়ী বাসিন্দা নন। তাকে এখনো শনাক্ত করা যায়নি। আটককৃতদের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।