বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

সীমান্তের তিন শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

আবু সালেহ মো রায়হান

জানুয়ারি ৭, ২০২৬, ০৫:৫৯ পিএম

সীমান্তের তিন শতাধিক  অসহায় ও দুস্থদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্তবর্তী এলাকার তিন শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ৭ জানুয়ারি বিকেলে উপজেলার ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালন করা হয়।

পঞ্চগড় ১৮ বিজিবির আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।

তিনি শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। এ সময় ১৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদসহ বাহিনীর বিভিন্ন পদস্থ সদস্যরা উপস্থিত ছিলেন।

অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এই বাহিনীর ২৩০ বছরের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। তিনি আরও বলেন বিজিবি সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে জনসাধারণের সেবায় নিরলসভাবে কাজ করে।

এরই অংশ হিসেবে আজ সীমান্তবর্তী এলাকার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এবং আগামীতেও এ ধরণের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।