সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৬, ০৭:৪৬ পিএম

হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দক্ষিণাঞ্চরের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। শুক্রবার (৯ জানুয়ারি) আপিলের শেষ দিনে তিনি এই আবেদন জমা দেন।

হাসনাতের বিরুদ্ধে যত অভিযোগ বিএনপি প্রার্থী তার আবেদনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ এনেছেন। আবেদনে বলা হয়েছে: ১. হাসনাতের হলফনামার তথ্য পরস্পরবিরোধী। ২. সম্পদ বিবরণীতে বড় ধরনের গড়মিল রয়েছে।

৩. প্রার্থীর স্ত্রীর আয়কর রিটার্ন জমা দেওয়া হয়নি। ৪. নির্বাচনী ব্যয়ের উৎসের টাকার কোনো স্পষ্ট প্রমাণ নেই, যা কালো টাকা হিসেবে প্রতীয়মান এবং নির্বাচনী বিধিতে ক্রিমিনাল অফেন্স বা অপরাধ।

ভোটে লড়া নিয়ে শঙ্কা হাসনাতের মনোনয়ন বাতিল চাইলেও বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী নিজেই আইনি জটিলতায় পড়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের চেম্বার আদালত তার প্রার্থিতা নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন। ঋণখেলাপির তালিকা থেকে মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক তা স্থগিত করেন। আইনজীবীরা জানিয়েছেন, এই আদেশের ফলে আসন্ন নির্বাচনে মুন্সীর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

আপিল শুনানির সময়সূচি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ দিন ছিল আজ শুক্রবার। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এসব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। সেখানেই হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে আনা অভিযোগ এবং অন্যান্য আপিলের নিষ্পত্তি হবে।

এ বিষয়ে মন্তব্য জানতে হাসনাত আব্দুল্লাহ ও মঞ্জুরুল আহসান মুন্সীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। দেবিদ্বারের সাধারণ ভোটাররা এখন তাকিয়ে আছেন নির্বাচন কমিশন ও আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।