আবু সালেহ মো রায়হান
জানুয়ারি ১৯, ২০২৬, ০৭:৪৯ পিএম
ছবি-দিনাজপুর টিভি
জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সারা দেশে ছাত্র-জনতার মনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, অভ্যুত্থান পরবর্তী সময়ে তা এখনো বাস্তবে রূপান্তর করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা ছাত্রশক্তি আয়োজিত ‘হ্যাঁ যাত্রা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আবু বাকের মজুমদার বলেন, “আমরা বিশ্বাস করি আমাদের সংস্কার প্রস্তাবনার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে। সেই লক্ষ্যেই জাতীয় ছাত্রশক্তি কর্মসূচি পরিচালনা করছে। আগামী ১২ তারিখের ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে।”
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জাহিদ আহসানের উপস্থিতিতে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক শাহাদাত হোসেন সাকিব ও সদস্য সচিব মোজাহার হোসেন সেলিম। বক্তারা রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে অডিটোরিয়াম চত্বর থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি পঞ্চগড় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রশক্তির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।