বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

বাউফলে এমপি শফিকুল মাসুদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান শুরু

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০২:৫৫ পিএম

বাউফলে এমপি শফিকুল মাসুদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান শুরু

পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পটুয়াখালী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে পটুয়াখালীর বাউফলে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার সকালে ক্লিন বাউফল-গ্রিন বাউফল স্লোগানকে সামনে রেখে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কার্যক্রমের সূচনা করা হয়। হাসপাতালের চারপাশের বর্জ্য অপসারণ ও পরিবেশ পরিষ্কার রাখার লক্ষে আয়োজিত এই অভিযানে সংসদ সদস্য নিজেই সরাসরি অংশগ্রহণ করেন।

অভিযানের এক পর্যায়ে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে ঝাড়ু হাতে নিয়ে হাসপাতালের আঙ্গিনা পরিষ্কার করতে দেখা যায়। এই কার্যক্রমে তার সঙ্গে যোগ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী। 

জনপ্রতিনিধি হয়েও সরাসরি পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়ায় এলাকায় সাধারণ মানুষের মাঝে এটি ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে।পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন যে তিনি নিজেকে কেবল একজন জনপ্রতিনিধি নন বরং জনগণের একজন সেবক হিসেবে মনে করেন। 

বাউফলকে একটি আধুনিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা তার অন্যতম লক্ষ্য। তিনি উল্লেখ করেন যে ক্লিন বাউফল-গ্রিন বাউফল গড়ার অঙ্গীকার ছিল তার নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে এবং জনস্বাস্থ্যের কথা চিন্তা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান যে পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এবং এটি সুস্থ থাকার প্রধান পূর্বশর্ত। পুরো বাউফল উপজেলাকে একটি নিরাপদ ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে পর্যায়ক্রমে আরও কর্মসূচি গ্রহণ করা হবে। বাউফলের সাধারণ মানুষকেও নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রেখে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান তিনি। স্বাস্থ্য কমপ্লেক্সের এই পরিচ্ছন্নতা অভিযানটি ছিল উপজেলাকে নতুন করে সাজানোর একটি প্রাথমিক পদক্ষেপ মাত্র।