রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার

মো:মোমিনুল ইসলাম

মার্চ ৯, ২০২৬, ০৭:৪৫ পিএম

পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার

সীমান্তে বিজিবির মাদক উদ্ধার :ছবি-দিনাজপুর টিভি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ দানাজপুর বিওপির একটি চৌকস দল সীমান্ত এলাকায় টহল জোরদার করে। একপর্যায়ে পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩৯/৯-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দরগাঁপাড়া নামক এলাকার একটি ভুট্টা ক্ষেতে তল্লাশি চালানো হয়। 

এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল (আরসি কাফ সিরাপ) উদ্ধার করা হয়। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। একইসঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দেশের যুবসমাজকে মাদকের মরণব্যাধি থেকে রক্ষা করতে এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বিজিবি সদস্যরা সদা তৎপর রয়েছে।