শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

নীলফামারীতে হামের উপসর্গে নবজাতকের মৃ‍‍`ত্যু

মো. শহিদুল ইসলাম

এপ্রিল ৫, ২০২৬, ০২:২৯ পিএম

নীলফামারীতে হামের উপসর্গে নবজাতকের মৃ‍‍`ত্যু

নীলফামারীতে শিশুর মৃত্যু ছবি-দিনাজপুর টিভি

নীলফামারীর ডিমলা উপজেলায় হামের উপসর্গ নিয়ে মাত্র ১১ দিন বয়সে মৃত্যু হয়েছে এক নবজাতকের। রোববার দিবাগত রাত দেড়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। নিভে যাওয়া এই ছোট্ট প্রাণের নাম আফরিন জান্নাত। সে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট এলাকার আবু বকর সিদ্দিকের কন্যা।

পারিবারিক সূত্রে জানা গেছে, জন্মের পর ভালোই ছিল শিশুটি। তবে শনিবার দুপুরে হঠাৎ তার শরীরে হামের তীব্র উপসর্গ দেখা দেয়। অবস্থা বেগতিক দেখে স্বজনরা তাকে দ্রুত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

সেখানে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসা শুরু হয়। তবে শেষ রক্ষা হয়নি। রোববার রাতের শেষ প্রহরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু জান্নাত। মাত্র ১১ দিনের মাথায় সন্তানের এমন বিদায়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা-মা। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয় তখনই তার শরীরে হামের স্পষ্ট লক্ষণ বা উপসর্গ ছিল। 

অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে তার প্রয়োজনীয় নমুনাও সংগ্রহ করা হয়। পরে সেখান থেকেই শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের ক্ষেত্রে শরীরে কোনো অস্বাভাবিক পরিবর্তন বা হামের মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। বিশেষ করে নবজাতকদের ক্ষেত্রে যেকোনো ধরনের শারীরিক অসুস্থতায় তাৎক্ষণিক স্বাস্থ্য কেন্দ্রের শরণাপন্ন হওয়া জরুরি। সামান্য অসচেতনতা বা অবহেলা বড় ধরনের বিপদের কারণ হতে পারে বলে জানান তারা। জান্নাতের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।