শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,

বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগে প্রবর্তক মোড়ের বাসিন্দারা

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ০২:৪৪ পিএম

বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগে প্রবর্তক মোড়ের বাসিন্দারা

চট্টগ্রামের প্রবর্তক মোড়ে হাঁটুসমান পানি

বুধবার দুপুরের বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পুনরায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। দুপুর ১টার দিকে নগরীর প্রবর্তক মোড়সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় হাঁটুসমান পানি জমতে দেখা গেছে। এতে সড়কে যান চলাচল থমকে যাওয়ার পাশাপাশি সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিন দেখা যায়, প্রবর্তক মোড় এলাকায় সড়কের ওপর পানি থইথই করছে। অনেক দোকানপাটের ভেতরে পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীরা মালামাল রক্ষায় ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। 

রাস্তায় গণপরিবহনের সংখ্যা খুবই কম। দু-একটি রিকশা বা সিএনজিচালিত অটোরিকশা চলাচল করলেও পানির কারণে অনেক যানবাহনের ইঞ্জিন মাঝপথে বন্ধ হয়ে যাচ্ছে। প্যান্ট গুটিয়ে সাধারণ মানুষকে কর্দমাক্ত পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।

প্রবর্তক মোড়ের এক ফার্মেসি মালিক ইদ্রিস আলম জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুরের বৃষ্টিতে আবারও পানি উঠে গেছে। একই অভিযোগ করেন ষোলশহরের বাসিন্দা নাজমা বেগম। তিনি জানান, রাত থেকেই তার বাড়ির নিচতলায় পানি ঢুকে পড়েছে। রান্নাঘর ডুবে যাওয়ায় সকাল থেকে পরিবারের সদস্যরা না খেয়ে আছেন। মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার ও কাতালগঞ্জ এলাকাতেও একই চিত্র দেখা গেছে।

বহদ্দারহাটের এক ব্যবসায়ী জানান, তার গুদামে পানি ঢুকে বিপুল পরিমাণ মালামাল নষ্ট হয়ে গেছে। প্রতি বছর এমন আর্থিক ক্ষতির শিকার হলেও জলাবদ্ধতা সমস্যার কোনো স্থায়ী সমাধান পাওয়া যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজটি মূলত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) করছে। এই প্রকল্পে সিটি কর্পোরেশনের সরাসরি কোনো দায়িত্ব নেই। তবে নগরবাসী যখন কষ্টে পড়েন, তখন মেয়র হিসেবে তিনি চুপ করে থাকতে পারেন না। নৈতিক দায়িত্ববোধ থেকেই তিনি মানুষের পাশে থাকছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছেন।