বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

নীলফামারীতে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শহিদুল ইসলাম

মে ৩, ২০২৬, ০৮:২২ পিএম

নীলফামারীতে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি-দিনাজপুর টিভি

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ মে) রাতে কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের উত্তর সিঙ্গেরগাড়ী বাংলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতলুবর রহমানের তত্ত্বাবধানে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। ডিবি পরিদর্শক মোঃ কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তর সিঙ্গেরগাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার মোঃ টন্না মামুদের ছেলে মোঃ ফিরিজুল ইসলামকে (৪২) সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে ফিরিজুলের কাছ থেকে বিশেষ কায়দায় রাখা ১০ গ্রাম হেরোইন এবং ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৮৪ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত ফিরিজুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে নীলফামারীর বিভিন্ন এলাকায় ইয়াবা ও হেরোইন কেনাবেচা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে এর আগেও কিশোরগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ফিরিজুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার (৩ মে) তাঁকে সংশ্লিষ্ট মামলার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত নীলফামারী গড়তে ডিবি পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।