মে ৪, ২০২৬, ১০:৫৪ পিএম
সুনামগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (৫ মে) প্রায় সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ সূত্রে জানা যায়, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত সোর্স লাইনের টাওয়ার খুঁটির গোড়া মারাত্মকভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছে।
কালিপুর হাওর এলাকায় ওই ঝুঁকিপূর্ণ টাওয়ারের স্থলে নতুন পোল বা খুঁটি স্থাপনের কাজ করা হবে। জরুরি এই সংস্কার কাজের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা প্রয়োজন বলে বিভাগীয় কর্মকর্তারা জানিয়েছেন।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৬টা পর্যন্ত সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তবে কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় দ্রুততম সময়ে সংযোগ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সুনামগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, অবকাঠামোগত উন্নয়ন ও বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এই সংস্কার কাজ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে এই কাজ সম্পন্ন না করলে ভবিষ্যতে বড় ধরনের বিভ্রাট ঘটার সম্ভাবনা রয়েছে। এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য দুঃখ প্রকাশ করে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন