রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইসরায়েলের হামলায় নিহত দিপালী ফরিদপুরে ফিরলেন কফিনবন্দি হয়ে

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৮, ২০২৬, ০৮:১৩ পিএম

ইসরায়েলের হামলায় নিহত দিপালী ফরিদপুরে ফিরলেন কফিনবন্দি হয়ে

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বোমা হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি দিপালী আক্তারের মরদেহ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জে তাঁর গ্রামের বাড়িতে পৌঁছেছে। শুক্রবার সকালে মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। প্রতিবেশী ও স্থানীয় লোকজন দিপালীকে শেষবারের মতো দেখতে বাড়িতে ভিড় করেন।

নিহত দিপালী চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে। জীবিকার তাগিদে কয়েক বছর আগে তিনি লেবাননে পাড়ি জমান। সেখানে তিনি গৃহকর্মীর কাজ করতেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে। 

শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের মুন্সিরচর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দুই শতাধিক মানুষ অংশ নেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নেওয়া হয় দোহারের মৈনুট ঘাটে। পরে ট্রলারে করে চর শালেপুর মান্দারতলা ঘাটে পৌঁছানো হয়। সেখান থেকে ঘোড়ার গাড়িতে করে দিপালীর মরদেহ নেওয়া হয় মুন্সিরচর গ্রামের বাড়িতে।নিহত দিপালী শেখ মোফাজ্জলের মেয়ে।গত ৮ এপ্রিল বৈরুতের হামরা এলাকায় নিয়োগকর্তার পরিবারের সঙ্গে অবস্থানকালে ইসরায়েলি বোমা হামলায় নিহত হন দিপালী। 

একই হামলায় তাঁর কফিল বা নিয়োগকর্তা এবং পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন বলে জানা গেছে।বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে দিপালীর মরদেহ দেশে পাঠানো হয়। শুক্রবার সকালে মরদেহ পৌঁছালে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, দিপালী পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য বিদেশে গিয়েছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছে।